আন্তর্জাতিক, ভারত
মোদির জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৫০০ রুপি জরিমানা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের ৫০০ রুপি জরিমানার সতর্কতা দেওয়ার অভিযোগ উঠেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) জম্মুর বিরুদ্ধে।
আইআইএম স্টুডেন্ট কাউন্সিলের নামে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘দীপ প্রকাশন’ অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানটিকে বাধ্যতামূলক উল্লেখ করে অনুপস্থিত শিক্ষার্থীদের লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়।
এতে আরও বলা হয়, কেবল চিকিৎসাজনিত কারণে অনুপস্থিতির ক্ষেত্রে ছাড় বিবেচনা করা হবে। তবে এ জন্য ‘সঞ্জীবনী’ থেকে সংশ্লিষ্ট সময়ের জন্য বিশ্রামের সুপারিশসহ আনুষ্ঠানিক লিখিত নথি জমা দিতে হবে। নির্ধারিত ব্যাখ্যা না দিলে ৫০০ রুপি জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়।
আইআইএম জম্মু এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ মোদির জন্মদিন উপলক্ষে একাডেমিক ব্লকের প্রধান অভ্যর্থনা এলাকায় প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজেপি বিধায়ক যুধবীর শেঠি উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন আইআইএম জম্মুর পরিচালক অধ্যাপক বি. এস. সাহায়।
ঘটনার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেইন ও বিহারের এমপি সুহাকার সিং। তাদের প্রশ্ন, প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে এবং অনুপস্থিতির জন্য কেন জরিমানার হুমকি দেওয়া হবে।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
ডিবিসি/এসএফএল