ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল সিএনএনসহ ৩ গণমাধ্যম

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল সিএনএনসহ ৩ গণমাধ্যম

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল সিএনএনসহ ৩ গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার শিকার হওয়া তিন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম- সিএনএন, এমএস নাও এবং পলিটিকো তাদের অধিকার ফিরে পেতে প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসি ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা এই জরুরি মামলায় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, কোনো ধরনের পূর্ব নোটিশ বা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই শুধুমাত্র সংবাদের বিষয়বস্তু পছন্দ না হওয়ায় সাংবাদিকদের পাস বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী বা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের সরাসরি লঙ্ঘন। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে তারা।


গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প মূলত 'নেতিবাচক খবর' প্রকাশের অভিযোগ তুলে এই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এই গণমাধ্যমগুলোকে 'ফেক নিউজ' বা ভুয়া খবর এবং 'জাতীয় নিরাপত্তার জন্য হুমকি' হিসেবে আখ্যায়িত করে তাদের থামানোর কথা বলেন। নিষেধাজ্ঞার পর সিক্রেট সার্ভিস এই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রেস পাস বাজেয়াপ্ত করে তাদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেয়। এর ফলে সাংবাদিকরা হোয়াইট হাউসে তাদের নির্দিষ্ট ওয়ার্কস্পেস, সম্প্রচার সরঞ্জাম ব্যবহার এবং প্রেসিডেন্টের সঙ্গে পুল কভারেজে অংশ নেওয়ার সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন।


সংবাদমাধ্যমগুলোর পক্ষে এই মামলা লড়ছেন প্রখ্যাত ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আইনজীবী টেড বুট্রোস। মামলাটিতে ২০১৮ সালে সিএনএন-এর সাংবাদিক জিম অ্যাকোস্টা এবং ১৯৭৭ সালের একটি ঐতিহাসিক রায়কে উদাহরণ হিসেবে টানা হয়েছে। অতীতের এসব রায়ে আদালত স্পষ্ট জানিয়েছিল যে, সংবাদের বিষয়বস্তু বা মতাদর্শের ভিন্নতার কারণে সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার কেড়ে নেওয়া সম্পূর্ণ বেআইনি। ট্রাম্প-নিযুক্ত বিচারক টিমোথি জে. কেলির আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।


এদিকে, হোয়াইট হাউস বা অন্যান্য সরকারি ভবনে ভৌত প্রবেশাধিকার খর্ব করা হলেও মার্কিন প্রশাসন নিয়ে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের অনড় অবস্থানের কথা দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।


সূত্র: সিএনএন


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন