আন্তর্জাতিক
প্রায় ৪ ঘণ্টা বিমান চালিয়ে আকাশে মোনালিসার ছবি আঁকলেন মার্কিন পাইলট

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও আরকানসাসের আকাশে বিমানের গতিপথ দিয়ে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ এঁকে চমকে দিয়েছেন এক পাইলট। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ছোট একটি বিমান নিয়ে আকাশে উড়ে তিনি এই অভাবনীয় শিল্পকর্মটি তৈরি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ছবি ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
'এয়ারন্যাভ রাডার'-এর তৈরি করা ওই থ্রিডি ভিজ্যুয়ালাইজেশনে দেখা যায়, পাইলট আরকানসাসের বেন্টনভিল থেকে উড্ডয়ন করার পর আকাশে কীভাবে ধীরে ধীরে মোনালিসার অবয়বটি ফুটে উঠেছে। ফ্লাইট ডেটা অনুযায়ী, এই চমৎকার শিল্পকর্মটি সম্পন্ন করতে পাইলট একটি 'সেসনা আর১৮২ স্কাইল্যান আরজি' (Cessna R182 Skylane RG) বিমান নিয়ে টানা প্রায় চার ঘণ্টা আকাশে উড়েছেন।
জানা গেছে, বিমানটি বেঞ্জামিন ম্যাকড্যানিয়েল নামের এক ব্যক্তির নামে নিবন্ধিত। তিনি নিজেকে একইসঙ্গে একজন পাইলট এবং শিল্পী হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। আকাশে বিমান উড়িয়ে এমন অভিনব ছবি আঁকার ঘটনা তার জন্য এবারই প্রথম নয়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট '@thepilotpicasso'-তে তিনি নিয়মিতই তার এ ধরনের আকাশ-শিল্পের ভিজ্যুয়ালাইজেশন শেয়ার করে থাকেন।
সূত্র: উইয়ন
ডিবিসি/ এসভিএন