আন্তর্জাতিক, এশিয়া
ভয়াবহ টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে বিপর্যস্ত জাপান, বাতিল শত শত ফ্লাইট

শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর তথ্যমতে, এই ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং কানাগাওয়াসহ অন্যান্য অঞ্চলে আরও চারজন নিখোঁজ রয়েছেন। ঘণ্টায় ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ায় ১৯৪ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার পরিবার, বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট এবং বন্ধ রয়েছে রেল চলাচল।
প্রশান্ত মহাসাগরে 'সুপার এল নিনো'-এর কারণে সৃষ্ট এই বছরের ২৫তম টাইফুনটি জাপানে টানা পাঁচ দিনের ছুটির মধ্যে আঘাত হানায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে ভূমিধসের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে; যার মধ্যে ইয়োকোসুকা শহরে ৬০ বছর বয়সী এক নারী এবং সদেগাউরা শহরে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। তিনি চিফ ক্যাবিনেট সেক্রেটারি তাকেহারা এবং মন্ত্রী হোসোনোকে সর্বোচ্চ প্রস্তুতির সাথে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। তবে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে তার নির্ধারিত সফর অব্যাহত রেখেছেন।
সূত্র: বিবিসি
ডিবিসি/পিআরএএন