আন্তর্জাতিক
ঢাকায় ধরা পড়েনি, কুয়েত বিমানবন্দরে প্রবাসীর ব্যাগে মিলল বিপুল মাদক

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে যাওয়া ওই প্রবাসী কুয়েত বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে অবতরণের পর তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৬ হাজার ২১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুয়েত কাস্টমসের বন্দর ও অনুসন্ধান বিষয়ক উপ-পরিচালক সালেহ মোহাম্মদ আল-ওমরের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। আটকের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নাম প্রকাশ না হওয়া ওই প্রবাসী এবং উদ্ধারকৃত মাদক দেশটির জেনারেল ডিপার্টমেন্ট ফর নারকোটিক্স কন্ট্রোলের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েক স্তরের নিরাপত্তা ও স্ক্যানিং পার হয়ে এত বিপুল পরিমাণ মাদক কীভাবে কুয়েতে পৌঁছাল, তা নিয়ে ব্যাপক বিস্ময় ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। কুয়েতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি নেতা মুরাদুল হক চৌধুরী ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সাধারণ যাত্রীদের কঠোর তল্লাশির মুখে পড়তে হলেও এমন বিপুল মাদক পার হয়ে যাওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে।
ডিবিসি/পিআরএএন