আন্তর্জাতিক, আরব
নিউইয়র্ক যাচ্ছেন পেজেশকিয়ান, মিডিয়া টিমকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তার সঙ্গে যাওয়ার কথা থাকা প্রেসিডেন্টের মিডিয়া দলের সদস্যদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহরকে বলেন, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের।
তিনি জানান, সফরকালে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পেজেশকিয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হবে। এসব বৈঠক ও সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্পর্কে ইরানের জনগণকে নিয়মিত তথ্য জানানো হবে।
আব্বাসির তথ্যমতে, পেজেশকিয়ানের যুক্তরাষ্ট্র সফর মোট পাঁচ দিনের। এর মধ্যে যাতায়াতেই দুই দিন ব্যয় হবে। সফরে তার সঙ্গে থাকবেন ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ মোহসেন হাজি-মিরজাই এবং প্রেসিডেন্সিয়াল প্রটোকল ও অনুষ্ঠান বিভাগের উপপ্রধান সৈয়দ আব্বাস মৌসাভি।
নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।
তবে প্রেসিডেন্টের সফরসঙ্গী মিডিয়া দলের সদস্যদের ভিসা না দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা সামনে এলো। হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতপার্থক্যের কারণে দুই দেশের আলোচনা বর্তমানে স্থবির রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসএফএল