সারা বাংলা
নারায়ণগঞ্জে চাঁদাবাজির মামলায় কৃষক দলের নেতা ফয়সাল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান জানান, চাঁদাবাজির অভিযোগে দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ জুলাই সকালে পদ্মা অয়েলের গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত চেকার মো. রফিকুল ইসলামের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ফয়সাল। এ সময় সেখানে কর্মরতদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে রফিকুলকে ভয়ভীতি ও খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, ১ আগস্ট ফয়সাল ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে ডিপোতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। টাকা না দিলে চাকরি করতে না দেওয়া এবং মামলা করলে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মামলার অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এসএফএল