আন্তর্জাতিক, আরব
জাতিসংঘের ওপর আস্থা হারিয়ে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় সংস্থাটির ওপর মানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং পরবর্তী পরিস্থিতির মধ্যে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি কার্যত এখনো ‘যুদ্ধাবস্থার’ মতোই রয়েছে।
তিনি বলেন, জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’-এর প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, এর মধ্যেই স্বীকার করে নেওয়া হয়েছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে রক্ষায় ব্যর্থতার কারণে সংস্থাটির ওপর আস্থা ক্ষয়ে গেছে বা অনেক ক্ষেত্রে সম্পূর্ণ হারিয়ে গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কিছু দেশ আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নিজেদের এবং মিত্রদের জন্য দায়মুক্তির সুযোগ তৈরি করছে।
ইসরায়েলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তিনি বলেন, দেশটিকে বিভিন্ন কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে, অথচ মানবাধিকার ও মানবিক আইন রক্ষার দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো নীরব রয়েছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল