ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

খেলাধুলা

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

অবশেষে এশিয়ান গেমসে পদক নিশ্চিত হলো বাংলাদেশের। আজ গেমসের উশু ডিসিপ্লিনে মেয়েদের ৫২ কেজি ওজনশ্রেণীর ফাইট ইভেন্টে জিন্নাত আক্তারের হাত ধরে পদক তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ।

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বক্সার মোশাররফ হোসেন। এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ এই ক্রীড়া আসরে ব্যক্তিগত ইভেন্টে এটিই ছিল বাংলাদেশের একমাত্র অর্জন। দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে আজ সেই মোশাররফের পাশে নাম লেখালেন জিন্নাত।

 

আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার থারিসা দে ফ্লোরেন্টিনা অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়েন। ফলে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত হয় জিন্নাতের। এর আগে প্রাথমিক পর্বে ‘বাই’ পেয়ে শেষ আটের টিকিট কেটেছিলেন তিনি।

 

গেমসের নিয়মানুযায়ী, আটজনের বেশি প্রতিযোগী অংশ নিলে সেমিফাইনালে ওঠা চারজনেরই পদক নিশ্চিত হয়। জিন্নাত যে ওজনশ্রেণীতে লড়ছেন, সেখানে ১৬ জন প্রতিযোগী থাকায় সেমিফাইনালে ওঠার মাধ্যমেই বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ পদক প্রাপ্তি নিশ্চিত হয়েছে। বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দিলদার হোসেন দিলু জানান, সেমিফাইনালে জিতলে বাংলাদেশ স্বর্ণপদকের লড়াইয়ে নামবে। আর হেরে গেলেও এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত। আগামীকাল সেমিফাইনালে চীনের প্রতিপক্ষ দি উ’র বিপক্ষে লড়বেন বাংলাদেশ সেনাবাহিনীর এই উশুকা।

 

দেশের হয়ে দীর্ঘ ৪০ বছর পর ব্যক্তিগত কোনো ইভেন্টে এমন আন্তর্জাতিক অর্জনের খবর জেনে জিন্নাত বলেন, দেশের জন্য কিছু করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের উশুকে যেন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন, সেজন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

আরও পড়ুন