সারা বাংলা
যশোরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে।
নিহত জনাব আলী নতুন মূলগ্রামের মৃত ইমান আলীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে গ্রামের একটি বিলে মাছ ধরতে যান। এ সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম বজ্রপাতে কৃষক জনাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বিলে মাছ ধরতে যাওয়ার পর বজ্রপাতের কবলে পড়েন জনাব আলী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ডিবিসি/এসএফএল