সারা বাংলা
কক্সবাজারে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের রহমতপুর এলাকায় পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে সেলিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উদ্দিন ওই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও জনপ্রতিনিধিদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন পাহাড় কাটার জন্য কয়েকজন শ্রমিককে নিয়োগ দেন। দুপুরের দিকে কাজ চলাকালে হঠাৎ পাহাড়ের একটি বড় মাটির খণ্ড ধসে পড়লে সেলিম উদ্দিনসহ তিন শ্রমিক চাপা পড়েন। এ সময় সেখানে উপস্থিত অন্য শ্রমিকরা মাটি সরিয়ে তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে পাহাড় কাটার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। যারা পাহাড় কেটে এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল