ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি

খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কাউন্টডাউন শুরু হয়েছিল বেশ আগেই। এবার কেবল অপেক্ষার পালা। বাংলাদেশ সময় আগামী ৬ অক্টোবর রাতে শেষ হতে চলেছে সেই অপেক্ষা। আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। এরপর কী হবে ফুটবলপ্রেমীরা হয়তো এখনই তা ভাবতে চাইছেন না। এই মুহূর্তে সবার চোখ বেনিনের বিপক্ষে মেসির সেই বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের দিকে। ম্যাচটি ঘনিয়ে আসার মুখে ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও প্রকাশ করে ভক্তদের আবেগাপ্লুত করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রঙের একজোড়া বুট সোফায় রাখছেন মেসি। তার ঠিক ডান পাশেই হ্যাঙ্গারে ঝুলছিল তাঁর পরিচিত ১০ নম্বর জার্সিটি। সেটি সরিয়ে সেখানে একটি নতুন জার্সি ঝুলিয়ে দেন তিনি। নতুন ১০ নম্বর জার্সিটিও মেসিরই, তবে এর নকশায় রয়েছে কিছুটা ভিন্নতা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ... আজীবন মনে রাখার মতো এক জার্সি। চূড়ান্ত লড়াই... চিরকাল স্মরণীয় করে রাখার মতো এক পোশাক।’

 

জাতীয় দলের হয়ে মেসির এই শেষ উপস্থিতিকে স্মরণীয় করে রাখতেই বিশেষভাবে তৈরি করা হয়েছে এই জার্সি। মেসির এমন আবেগঘন পোস্টে করতালি দেওয়ার ইমোজি দিয়ে মন্তব্য করেছেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ ও বন্ধু নেইমার। আর্জেন্টাইন ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো লিখেছেন, ‘যদি তুমি কখনোই না যেতে! তোমাকে অনেক মনে পড়বে।’

 

বিশেষ এই জার্সির নকশায় কিছু স্বাতন্ত্র্য রয়েছে। এতে হালকা নীল রঙের প্রাধান্য বেশি, যার মাঝখান দিয়ে উল্লম্বভাবে নেমে গেছে সাদা একটি স্ট্রাইপ। জার্সির পেছনের অংশেও পরিবর্তন আনা হয়েছে। খেলোয়াড়ের নাম ও নম্বর ফুটিয়ে তোলা হয়েছে সোনালি রঙে, আর বিশেষ শৈলীতে যুক্ত করা হয়েছে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’।

 

ফিফা আন্তর্জাতিক বিরতিতে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে এক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন মেসি। এর আগে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে।

 

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মেসি। তখনই জানা যায়, বিশ্বকাপজয়ী এই মহাতারকাকে রাজকীয় বিদায় দিতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দেশের মাটিতে সমর্থকদের সামনে তাঁকে শেষবারের মতো খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে।

 

এদিকে মেসির বিদায়ী ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে এএফএ। ক্যাটাগরি অনুযায়ী টিকিটের দাম ধরা হয়েছে ৫২ ইউরো থেকে ২৭৮ ইউরো পর্যন্ত। ফরাসি ওয়েবসাইট ‘ফুট মেরকাতো’র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টা থেকে ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হবে। বিভিন্ন ক্যাটাগরিতে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরো এবং শিশুদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১৭ ইউরো।

আরও পড়ুন