জাতীয়
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু

নিউইয়র্কে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল বিতর্ক পর্ব। ‘বিশ্বাস পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অধিবেশনে অংশ নিতে ইতোমধ্যে বিশ্বনেতারা নিউইয়র্কে পৌঁছেছেন।
এবারের অধিবেশনে বিশ্বনেতাদের বক্তব্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটগুলো বিশেষ গুরুত্ব পাবে। ফিলিস্তিন ইস্যুটিও অন্যতম প্রধান বিষয় হিসেবে থাকছে। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অধিবেশনে সশরীরে উপস্থিত না থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে উপস্থিত থেকেই ভাষণ দেবেন।
বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। ফলে এবারের অধিবেশনে পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ও অনানুষ্ঠানিক আলোচনার সম্ভাবনা রয়েছে।
এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রায় চার দশক পর এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া, প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি অধিবেশনে ভাষণ দেবেন।
ডিবিসি/আরএসএল