ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ময়মনসিংহে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করল এলাকাবাসী

ময়মনসিংহে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করল এলাকাবাসী

সারা বাংলা

ময়মনসিংহে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করল এলাকাবাসী

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির পর প্রবাসীর কিশোর বয়সী ছেলের সামনে মাকে গণধর্ষণের ঘটনায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় অভিযুক্ত ৫ আসামির বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। এ সময় অভিযুক্ত আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেন স্থানীয় কয়েকজন বয়োজ্যেষ্ঠ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালীবাড়ি চর এলাকায় শত শত বিক্ষুব্ধ জনতা প্রবাসীর বাড়িতে ডাকাতি ও অস্ত্রের মুখে জিম্মি করে ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩) ও আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২), মোফাজ্জলের ছেলে রাজিব (২৩) এবং নুরুর ছেলে এনামুলের (২২) বাড়িতে ভাঙচুর শুরু করে। আসামিদের টিনের বসতঘরের বেড়া ও চাল ভাঙচুর করে সব টিন খুলে নিয়ে বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়।


এ সময় এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আসামিদের পরিবারের সদস্য ও ঘরের মালামাল নিরাপদে সরিয়ে রাখতে দেখা যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ভাঙচুর চালানো হলেও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।


স্থানীয় কবির হোসেন আকন্দ (৪০) বলেন, 'এমন ন্যক্কারজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের বিচার হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।' তিনি আরও বলেন, 'ক্ষোভে বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের বাড়িঘর ভাঙচুর করেছে।'


ঘটনার বর্ণনায় তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি শেষে ডাকাতদল প্রবাসীর নবম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে। এ ছাড়া ছেলের সামনেই তার মাকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাত ৩টার দিকে থানা-পুলিশ রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তারও করে।


গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সেখ বলেন, 'দুপুর সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি চর কালিবাড়ি এলাকায় আসামিদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে থানা-পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'


ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন