খেলাধুলা, ফুটবল
ফিফা সংস্কার নিয়ে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো

বিতর্কিত একটি বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা প্রত্যাহারের পর ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটি স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফা কাউন্সিল ও ২১১টি সদস্য দেশের সভাপতিদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বর্তমান শাসনকাঠামোর কার্যকারিতা খতিয়ে দেখতে এবং সম্ভাব্য উন্নতির সুপারিশ করতে একটি স্বাধীন পর্যালোচনার অনুমোদন চাইবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ফিফার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কনফেডারেশন ও সদস্য দেশগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার কথাও বলেন তিনি।
বিশ্বকাপসহ ফিফার বাণিজ্যিক স্বত্বে ২০ শতাংশ অংশীদারি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়ে তীব্র বিরোধিতার মুখে পড়েন ইনফান্তিনো। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং কনকাকাফের তীব্র আপত্তি ও বয়কট হুমকির কারণে গত জুলাইয়ে সেই প্রস্তাবটি বাতিল করা হয়। ইনফান্তিনো চিঠিতে স্পষ্ট করেন যে, প্রস্তাবটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছিল না এবং এটি এখন সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। এই উদ্যোগের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে কোনো সদস্য দেশকে বৈষম্যের শিকার হতে হবে না বলেও তিনি নিশ্চয়তা দেন।
আগামী মার্চে রাবাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা নির্বাচনে পুনরায় সভাপতি পদে লড়বেন ইনফান্তিনো। তার বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী খুঁজে না পেয়ে বিরোধীরা এখন সভাপতির ক্ষমতা সীমিত করার দিকে মনোযোগ দিয়েছে। এ অবস্থায় ইনফান্তিনো জানান, আগামী ১৫ অক্টোবরের কাউন্সিল সভার আগে যেসব সংস্কার প্রস্তাব জমা পড়বে, সেগুলোর ওপর প্রাথমিক আলোচনা হতে পারে। তবে ফিফার সংবিধিতে যেকোনো পরিবর্তনের জন্য চূড়ান্তভাবে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে।
সূত্র: রয়টার্স