আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র সামরিক চাপ ও অবরোধ তুলে নিলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

যুক্তরাষ্ট্র যদি সামরিক চাপ কমায় এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে, তবে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে প্রস্তুত রয়েছে ইরান। মঙ্গলবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা।
এর আগে গত রবিবার ইরানের সেন্ট্রাল মিলিটারি কমান্ড জানায়, আঞ্চলিক দেশগুলোর সহায়তায় যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে তারা খবর পেয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে দেয় যে, এমন পদক্ষেপ নেওয়া হলে ইরান কোনো ধরনের সীমাবদ্ধতা বা দ্বিধা ছাড়াই কঠোর জবাব দেবে।
ওই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, সংকটটি কূটনৈতিক উপায়ে সমাধানে আগ্রহী যুক্তরাষ্ট্রকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে এবং এই প্রক্রিয়া কীভাবে এগোবে সে বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণে সম্মত হতে হবে। তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়া ইরানি প্রতিনিধিদল বর্তমানে নিউইয়র্কে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে তাদের পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তেহরান ছেড়ে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেখানে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বৈঠক করবেন না বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কর্মকর্তাটি আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের অবসানে একটি চুক্তির বিস্তারিত বিষয়গুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিউইয়র্কে আলোচনা করা যেতে পারে। এ সংক্রান্ত তেহরানের একটি প্রস্তাব গত ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মারফত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে যুক্তরাষ্ট্রের কূটনীতিতে ফেরার একটি সুবর্ণ সুযোগ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ওয়াশিংটন বাস্তবসম্মত পদক্ষেপ নিলে তেহরান কূটনৈতিক পথকে স্বাগত জানাবে।
সূত্র: রয়টার্স