আন্তর্জাতিক
স্কুলে ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল মেক্সিকো

বিশ্বের অন্যান্য দেশের মতো এবার মেক্সিকোও তাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। শিক্ষার্থীদের মনোযোগ পড়াশোনায় ধরে রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর আসক্তি থেকে তাদের দূরে রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সোমবার দেশটির সরকার জানিয়েছে।
আগামী নভেম্বর মাস থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। এর আওতায় শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন কিংবা ক্লাসের বিরতির সময় কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে বা স্কুলের পূর্বনির্ধারিত কোনো বিশেষ আয়োজনে ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। অবশ্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগের তিন বছর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম তার প্রাত্যহিক সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ফিরিয়ে আনা এবং যথেচ্ছভাবে মোবাইল ফোনের ব্যবহার রোধ করাই আমাদের মূল লক্ষ্য। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এই যথেচ্ছ ব্যবহারের প্রভাব অত্যন্ত নেতিবাচক হতে পারে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিশু-কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও এর ক্ষতিকর দিকগুলো নিয়ে শিক্ষক ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পরই সরকার এই পরিবর্তনের নির্দেশ দেয়। এক সমীক্ষায় দেখা গেছে, ৮১ শতাংশ শিক্ষকই স্কুলে মোবাইল ফোন ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন বলে মনে করেন।
অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে বিষণ্ণতা, শারীরিক গঠন নিয়ে হীনমন্যতা, সামাজিক বিচ্ছিন্নতা বা একাকিত্ব এবং আত্মহত্যার প্রবণতার মতো মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। এসব ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ায় ফ্রান্স, নিউজিল্যান্ড ও পেরুর মতো দেশগুলো ইতোমধ্যে তাদের স্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহারে বিভিন্ন মাত্রার নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো মেক্সিকোর নাম।
ডিবিসি/ এসভিএন