সারা বাংলা
চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকা চুরি

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরের তালা ভেঙে দেবদেবীর গহনা, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ব্রাহ্মণ সড়কে অবস্থিত শ্রী শ্রী মগধেশ্বরী মায়ের বিগ্রহ মন্দিরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দিরের সভাপতি পরেশ কুমার আচার্য্য।
অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা চোর বা চোরের দল মন্দিরের সেবাখোলার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পূজা-অর্চনায় ব্যবহৃত বিভিন্ন কাঁসা-পিতলের সামগ্রী, দেবীর স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও নুপুরসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ছাড়া মন্দিরে থাকা তিনটি দানবাক্স ভেঙে সেগুলোর নগদ টাকাও চুরি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি যাওয়া মালামাল ও নগদ অর্থ মিলিয়ে আনুমানিক ৮০ হাজার টাকা বা তার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা বিপ্লব খাস্তগীর জানান, চুরির সময় মন্দিরের বিভিন্ন স্থানে তছনছ ও ভাঙচুর চালানো হয়েছে, যার ফলে কিছু প্রতিমারও ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।