সারা বাংলা
গাজীপুরে কাভার্ড ভ্যানে অবৈধভাবে গ্যাস ভরার সময় আটক দুই, ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় সিএনজি স্টেশন থেকে কাভার্ড ভ্যানের ভেতরে থাকা সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দিয়ে মোট ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বোর্ডবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমান এবং নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকার সজীব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানের ভেতরে সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরার সময় তাদের আটক করা হয়। পরে প্রচলিত আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’-এর ১০(২)(ঙ) ধারায় ১ লাখ টাকা ও একই আইনের ১৩ ধারায় ১ লাখ টাকা, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪৫ ধারায় ১ লাখ টাকা এবং ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৭৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১০ হাজার টাকা।
উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার বিষয়ে প্রযোজ্য। আর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৫ ধারা মোটরযানের ফিটনেস সনদসংক্রান্ত বিধান লঙ্ঘনের দণ্ডের সঙ্গে সম্পর্কিত।
ডিবিসি/ এসভিএন