ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ঝিনাইদহের মিছিলে শেখ হাসিনাকে প্রধান আসামি করে পুলিশের মামলা, গ্রেপ্তার ৫

ঝিনাইদহের মিছিলে শেখ হাসিনাকে প্রধান আসামি করে পুলিশের মামলা, গ্রেপ্তার ৫

সারা বাংলা

ঝিনাইদহের মিছিলে শেখ হাসিনাকে প্রধান আসামি করে পুলিশের মামলা, গ্রেপ্তার ৫

ঝিনাইদহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহারে শেখ হাসিনাসহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৫২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

 

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিল এবং আলামত জব্দের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০-১৫ জনের একটি দল মিছিল বের করে। এদিন সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫-২০ জনকে ব্যানার হাতে মিছিল করতে দেখা যায়।

 

পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ৮টি লাঠি জব্দ করা হয়, যা পরে দায়ের করা মামলায় আলামত হিসেবে দেখানো হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন