ডিবিসি নিউজdbcnews.tv

ভারত

৮৫ বছর বয়সে এমএ পাস করলেন ভারতীয় সাবেক সেনাকর্মী, এবার লক্ষ্য পিএইচডি

৮৫ বছর বয়সে এমএ পাস করলেন ভারতীয় সাবেক সেনাকর্মী, এবার লক্ষ্য পিএইচডি

ভারত

৮৫ বছর বয়সে এমএ পাস করলেন ভারতীয় সাবেক সেনাকর্মী, এবার লক্ষ্য পিএইচডি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইচ্ছেশক্তি আর অধ্যবসায় থাকলে বয়স যে কখনও স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করলেন ৮৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনাকর্মী লালচাঁদ গোদারা। কোনও রকম কোচিং বা প্রাইভেট টিউশন ছাড়াই সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) থেকে স্নাতকোত্তর বা এমএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন।

হরিয়ানার সিরসার বাসিন্দা লালচাঁদের জীবনের লড়াইটা শুরু হয়েছিল অনেক আগে। ১৯৬১-৬২ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে দেশের হয়ে বীরত্বের সঙ্গে লড়েন। তবে সে সময় মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকায় সেনাবাহিনীতে তাঁর কাঙ্ক্ষিত পদোন্নতি হয়নি। পরবর্তীকালে ২০০২ সালে তিনি হরিয়ানা পরিবহণ দফতর থেকে ইয়ার্ড মাস্টার হিসেবে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি মাস্টার্স অ্যাথলেটিক্সে যুক্ত হয়ে বেশ কয়েকটি পদকও জেতেন।

 

পরিবারের ছোটদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ৭৬ বছর বয়সে তিনি ফের বইমুখী হন। এরপর নাতনি নব্যার উৎসাহে পুরোদমে পড়াশোনা শুরু করেন তিনি। ২০২৩ সালে স্নাতক স্তরের গণ্ডি পেরোনোর পর, এবার বাড়িতে নিজে পড়েই প্রথম প্রচেষ্টাতেই এমএ ডিগ্রি অর্জন করলেন এই অদম্য বৃদ্ধ।

 

৮৫ বছর বয়সেও তিনি শারীরিকভাবে অত্যন্ত কর্মঠ। প্রতিদিন কয়েক কিলোমিটার হাঁটা এবং সাইকেল চালিয়ে বাজারে যাওয়া তাঁর নিত্যদিনের অভ্যাস। তাঁর এই অসামান্য সাফল্যে পরিবার দারুণ আনন্দিত। তবে এখানেই থেমে থাকতে রাজি নন প্রাক্তন এই সেনাকর্মী। তাঁর পরবর্তী লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করা। নিজের জীবনবোধ সম্পর্কে লালচাঁদ বলেন, ‘যুদ্ধক্ষেত্র দেখেছি, তাই লড়াই করাটা অভ্যেস হয়ে গিয়েছে। আশা করি, পিএইচডিটাও সফল ভাবেই শেষ করতে পারব।’

 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন