আবহাওয়া
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই মোংলার আকাশে মেঘ-রোদের লুকোচুরির পাশাপাশি দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। এতে রাস্তায় চলাচলকারী যানবাহন ও দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। তবে এমন প্রতিকূল আবহাওয়ার মাঝেও মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য বোঝাই ও খালাস কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, গভীর নিম্নচাপটি বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। মূলত এর প্রভাবেই উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিবিসি/এমএনকে