ফুটবল
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে কাঁদছেন নেইমার

ব্রাজিলের সান্তা ক্যাটারিনায় এক হেলিকপ্টার দুর্ঘটনায় ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে শোকে ভাসছেন ফুটবল তারকা নেইমার জুনিয়র। এই দুর্ঘটনায় নেইমারের বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারসহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২২ তারিখ) ফায়ার সার্ভিস নিহতদের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, সোমবার (২১ তারিখ) সকালে বেল ৪৩০ মডেলের (পিপি-এমজিআর) একটি হেলিকপ্টারে করে পোর্তো বেলো থেকে সেরার সাও জোয়াকিমের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু পথিমধ্যে তীব্র ঝড়ের কবলে পড়ে বিকেলে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয় জেটিএ এমপ্রেন্দিমেন্তো ই উরবানিসমো-এর মালিকানাধীন হেলিকপ্টারটি।
পরবর্তীতে একটি জিপিএস সংকেতের সূত্র ধরে ফায়ার সার্ভিস, সামরিক পুলিশ, বেসামরিক প্রতিরক্ষা এবং ব্রাজিলীয় বিমান বাহিনী (এফএবি) থার্মাল সেন্সরযুক্ত ড্রোন ব্যবহার করে তল্লাশি চালায়। ধ্বংসাবশেষ উদ্ধারের পর নিশ্চিত করা হয় যে, হেলিকপ্টারে থাকা পাঁচজনের কেউই বেঁচে নেই। দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন গায়ক রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং সহ-পাইলট লিওপোল্ডো।
প্রিয় বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ব্রুনোর একটি পুরোনো ভিডিও শেয়ার করে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘যখন আমি ব্রাজিলে ফিরলাম, তুমি আমাকে অনেক সাহায্য করেছিলে... ধন্যবাদ, শান্তিতে থাকো।’
ব্রুনো আভেলার শুধু নেইমার ও তার বাবার ঘনিষ্ঠই ছিলেন না, তিনি নেইমার ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশ নিতেন। এছাড়া তিনি মিনাস জেরাইসের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সান্তোস ফুটবল ক্লাব। ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘ভিলা বেলমিরো স্টেডিয়ামের সংস্কার কাজসহ সান্তোসের বিভিন্ন প্রকল্পে ব্রুনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ক্লাবের বিপণন ও ব্যবসা বিভাগের সাথে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন।’
বিবৃতিতে ব্রুনোর পাশাপাশি নিহত অন্যান্য আরোহীদের মৃত্যুতেও শোক প্রকাশ করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ক্লাবটি।
সূত্র: ওয়ানফুটবল
ডিবিসি/এমএনকে