জাতীয়
ট্রাম্পের নৈশভোজ ও জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক বিশেষ নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত এই নৈশভোজে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। বিশ্বনেতাদের পাশাপাশি তাঁদের সহধর্মিণীগণও এই আয়োজনে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী।
এর আগে, মঙ্গলবার সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের সম্মানে এক প্রাতরাশের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান সেই প্রাতরাশেও অংশগ্রহণ করেন। সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে এই আয়োজনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ডিবিসি/এমএনকে