সারা বাংলা
ফটিকছড়িতে মন্দিরে চুরির পর এবার ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের ফটিকছড়িতে পাইন্দংয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও সুন্দরপুরে মন্দিরে চুরির রেশ কাটতে না কাটতেই এবার এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এ ঘটনা ঘটে। চোরের দল ওই বাড়ি থেকে প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহনগর এলাকার দারগ আলী তালুকদার বাড়ির ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের ঘরে এই চুরির ঘটনা ঘটে।
রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে একদল চোর ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি ভেঙে সেখানে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে। এ সময় ঘরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র তছনছ করে রেখে যায় চোরেরা।
ভুক্তভোগী ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুর লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সরোয়ার হোসেনের বড় ভাই।
এ বিষয়ে মো. সরোয়ার হোসেন বলেন, ‘গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে চোরের দল ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। ঘরের জিনিসপত্রও তারা তছনছ করে রেখে গেছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘চুরির ঘটনার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’