সারা বাংলা
ফেনী সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত ভারতীয় মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত এসব মালামাল ইতোমধ্যে স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।
যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে এবং দেশের সুরক্ষায় বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ডিবিসি/এমএনকে