ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মাগুরায় বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মাগুরায় বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সারা বাংলা

মাগুরায় বেশি দামে সার বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে সেপ্টেম্বর ২০২৬ ০৩:১২:৩১ অপরাহ্ন

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারে বেশি দামে সার বিক্রি এবং ভাউচার না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাকোল পুরোনো বাজারের ‘মেসার্স মা ট্রেডার্স’ নামের বিএডিসির সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সরকার নির্ধারিত ১ হাজার ৫০ টাকার এক বস্তা ডিএপি সার প্রতিষ্ঠানটি ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল। অর্থাৎ বস্তাপ্রতি ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল। এছাড়া ক্রেতাদের সার বিক্রির কোনো ভাউচার দেওয়া হতো না এবং বিক্রয় রেজিস্টারেও এসব হিসাব লিপিবদ্ধ ছিল না।

 

এ ছাড়া অভিযানে প্রতিষ্ঠানটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও নষ্ট হয়ে যাওয়া কিছু পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রিরও প্রমাণ পান কর্মকর্তারা।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, এর আগে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল। এরপরও একই অনিয়ম করায় প্রতিষ্ঠানের মালিক লিটন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয় তাঁকে।

 

অভিযানে মাগুরা কৃষি বিপণন কার্যালয়ের কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন