সারা বাংলা
মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

মানিকগঞ্জে ১৩টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অপরাধে ৯ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে একজনকে এক বছর এবং বাকি আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকার একটি কারখানার গুদামে আদালত এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদরের মিজানুর রহমান; গাজীপুরের রুবেল ও ইব্রাহিম খলিল; জামালপুরের সোহেল রানা; ঢাকার বাড্ডার ইমন হাসান, তুহিন ও মাসুদ জানা; ঢাকার বড় বেরাত এলাকার মারুফ এবং টাঙ্গাইলের হুমায়ুন কবির।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জাগীর এলাকার ওই গুদামে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করা অবস্থায় ওই নয়জনকে হাতেনাতে আটক করা হয়। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, সিংগাইর উপজেলার হিরু নামের এক ব্যক্তি ওই নয়জনকে ভাড়ায় এনে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের চুক্তি করেছিলেন। প্রক্রিয়াজাত করা এসব মাংস ঢাকা ও আশপাশের বিভিন্ন হোটেলে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন জানান, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে অপরাধীদের এই সাজা প্রদান করা হয়েছে।
ডিবিসি/এমএনকে