সারা বাংলা
নরসিংদীতে বিনামূল্যে দেয়ায় না পেয়ে কর্মচারীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীতে বিনামূল্যে মদ না দেয়ায় তানভীর হোসেন রাব্বি (৩১) নামে মদের দোকানের এক কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী পৌরসভার সামনে এ মানববন্ধন করা হয়।
এ সময় অভিযুক্ত জাহিদ সরকার ও তার বাবা জাহাঙ্গীর সরকারের মালিকানাধীন বাজির মোড়ে অবস্থিত আবাসিক হোটেল নিরালায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মানববন্ধনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কিছু মানুষ বাজির মোড়ে গিয়ে আবাসিক হোটেল নিরালায় ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশীয় মদের দোকানে জাহিদসহ কয়েকজন মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে কাউন্টারের ভেতরে থাকা রাব্বি দগ্ধ হলে প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
এ ঘটনায় রবিবার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
ডিবিসি/এসভিএন