সারা বাংলা
জ্বালানির মূল্য বৃদ্ধির পরিকল্পনা নেই, সম্ভব হলে কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির আর কোনো পরিকল্পনা নেই। সামনে সুযোগ এলে মূল্য আরও কমানো হবে। মূলত পাচার রোধ এবং বৈশ্যিক পরিস্থিতি বিবেচনা করেই এই দাম বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যখন পাশাপাশি দুটি দেশের মধ্যে জ্বালানি তেলের চাহিদা এতো ব্যাপক এবং মূল্যের বড় পার্থক্য থাকে তখন এটা পাচার হবে আর এটি রোধ করা কঠিন কাজ। সে কারণেই বাধ্য হয়ে মূল্য বৃদ্ধি করতে হয়েছে।
গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়টা যোগাযোগ ও নৌ পরিবহন মন্ত্রণালয় করে। তারাই নিশ্চিত করবেন অতিরিক্ত ভাড়া যেন কেউ না নেয়।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামী দিনে কৃষকের কৃষি জমিতে সেচের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করবো। আমরা একটি বিকল্প উদ্যোগ গ্রহণ করেছি। সেচের পাম্পগুলোকে পর্যায়ক্রমে সোলার পাম্পে রুপান্তর করার পরিকল্পনা নিয়েছি। কারন জ্বালানী বা বিদ্যুতের উপর নির্ভর না করে প্রাকৃতিক রৌদ্রতাপকে ব্যবহার করে যেন কৃষক তার সেচ পাম্পটি চালু রাখতে পারে। এমন হলে কৃষকের উৎপাদন খরচও অনেকাংশে কমে যাবে।
এ সময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/এসডব্লিউএন