ডিবিসি নিউজdbcnews.tv

আইন ও কানুন

শেরপুরে পাখি শিকারের দায়ে শিকারির ৫০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

শেরপুরে পাখি শিকারের দায়ে শিকারির ৫০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

আইন ও কানুন

শেরপুরে পাখি শিকারের দায়ে শিকারির ৫০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

শেরপুরে পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন ‘শাইন’-এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) শেরপুর সদর ও নকলা উপজেলায় ভোর থেকে প্রায় ছয় ঘণ্টা এ অভিযান পরিচালিত হয়। এ সময় পাখি শিকারির আটটি হালা (শিকারের সরঞ্জাম) ও ১২টি বক উদ্ধার করা হয়। পরে বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এ ছাড়া পাখির সুরক্ষায় সচেতনতা বাড়াতে এলাকাবাসীর মধ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।


নকলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে পাখি শিকারি মো. আব্দুর রাজ্জাককে (৪৫) তিনটি বক ও বক শিকারের সরঞ্জামসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এ সাজা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি।


অভিযান পরিচালনার সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন ‘শাইন’-এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিসহ স্বেচ্ছাসেবীরা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, পাখি শিকারি মো. আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন