সারা বাংলা
পর্যটন এলাকায় মাদক-চোরাচালান রোধে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পর্যটন এলাকায় মাদক ও চোরাচালান রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে সিলেট-৪ সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে যাদের লাইসেন্স বাতিল হয়েছিল, তারাই অপপ্রচার ছড়াচ্ছেন।
সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় সেখানকার শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, মরদেহ দেশে আনা, হাসপাতালে থাকা শ্রমিকদের দেখাশোনাসহ পরিবারের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে সরকার নিজ জায়গা থেকে ভূমিকা রাখছে।
এছাড়া সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সীমান্তবর্তী উপজেলাগুলোতে সচেতনতামূলক প্রচারণাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
ডিবিসি/এসডব্লিউএন