সারা বাংলা
উখিয়ার সমুদ্রসৈকতে ভেসে এলো অজ্ঞাত তিন মরদেহ

কক্সবাজারে উখিয়ার সাগর উপকূলের সৈকতের পৃথক দুই স্থান থেকে অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ও বিকালে পৃথক সময়ে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে একজন এবং মনখালী সমুদ্রসৈকত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে।
অপরদিকে বিকাল ৩ টার দিকে একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনখালী সমুদ্রসৈকতে আরও দুইটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে বলে জানান ওসি আতিকুর রহমান।
তিনি জানান, উদ্ধার করা মরদেহ তিনটি ফুলে-ফেঁপে বিকৃত হয়ে গেছে। তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- মঙ্গলবার টেকনাফ উপকূলের সাগরে রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
উদ্ধার করা লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
এর আগে, মঙ্গলবার টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূলের সাগরে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু এবং ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
ডিবিসি/এসডব্লিউএন