আন্তর্জাতিক
প্রতারণার শিকার হয়ে ৪৭টি দেশের নাগরিক রাশিয়ার পক্ষে লড়ছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে অন্তত ৪৭টি দেশের নাগরিক যোগ দিয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এদের মধ্যে অনেকেই মস্কোর 'প্রতারণা ও কারসাজির' শিকার হয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এসময় জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া ছাড়াও রাশিয়ার পক্ষে যুদ্ধ করা দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, তাজিকিস্তান, ভারত, ইয়েমেন, কেনিয়া, জিম্বাবুয়ে, কিউবা, বেলারুশ, সুদান এবং দক্ষিণ আফ্রিকা।
এসব দেশের নাগরিকদের অনেকেই ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সতর্ক করে জেলেনস্কি বলেন, ‘আমি এই ৪৭টি দেশের প্রত্যেক প্রতিনিধির উদ্দেশে সরাসরি বলতে চাই, আপনারা জানেন রাশিয়া আপনাদের মানুষদের নিয়ে কী করছে। তাদের প্রতি খেয়াল রাখুন এবং তাদের যেন অন্য কোনো ফ্রন্টে গিয়ে শেষ পরিণতি বরণ করতে না হয়, তা নিশ্চিত করুন।’
সবশেষে তিনি বলেন, ‘পুতিন যেন আপনাদের এই যুদ্ধে টেনে আনতে না পারে, সেদিকে সতর্ক থাকুন।’
ডিবিসি/এসডব্লিউএন