জাতীয়
তারেক রহমান ও ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এ বৈঠকে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উভয় দেশের সরকারপ্রধান অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ইস্যুতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন, যা সরকারপ্রধান হিসেবে বিশ্বমঞ্চে তাঁর প্রথম বক্তব্য হতে যাচ্ছে। জাতিসংঘ কেন্দ্রিক তাঁর চলমান নিউইয়র্ক সফরের নানা কর্মসূচিতে আন্তর্জাতিক মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, বহুপাক্ষিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
ডিবিসি/পিআরএএন