ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হুথি হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

হুথি হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

হুথি হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি নিশ্চিত করেছেন যে, রিয়াদের প্রতি ওয়াশিংটন তার কৌশলগত প্রতিরক্ষা প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি বদ্ধপরিকর।

হুথিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুবিও জানান, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং ওয়াশিংটন সেই চুক্তির প্রতিশ্রুতিগুলো রক্ষা করবে। 

 

ট্রাম্পের হাতে থাকা সামরিক বিকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় অস্বীকৃতি জানালেও তিনি স্পষ্ট করেন যে, প্রেসিডেন্টের কাছে ‘অনেকগুলো বিকল্প’ রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে তৈরি হওয়া নিরাপত্তা উদ্বেগের মাঝেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য সামনে এলো।

 

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে আট দশকের পুরনো প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে ২০২৫ সালের নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরকালে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। 

 

হোয়াইট হাউস সে সময় জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ব্যবস্থা জোরদার এবং সামরিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যেই এই চুক্তি। ওই ঐতিহাসিক সফরে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র (Major Non-NATO Ally) হিসেবেও ঘোষণা করেছিলেন।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের ওপর সাম্প্রতিক হামলাগুলো ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জ্বালানি অবকাঠামোর ওপর এ ধরনের হামলাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, হামলার জেরে সাময়িকভাবে বন্ধ থাকা একটি সৌদি তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ার বিষয়টি ইতিবাচক। এই অবকাঠামোটি কেবল সৌদি অর্থনীতির জন্যই নয়, গোটা বিশ্বের বাণিজ্যের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

 

মধ্যপ্রাচ্যজুড়ে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য সরাসরি ইরানকে অভিযুক্ত করেছেন মার্কো রুবিও। তিনি বলেন, ইরানি শাসকগোষ্ঠী সক্রিয়ভাবে ওই অঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোকে মদত দিয়ে যাচ্ছে যারা এসব হামলা চালাচ্ছে। এমনকি জ্বালানি অবকাঠামোতে সাম্প্রতিক হামলাগুলোতে তেহরান-সমর্থিত ইরাকের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোও জড়িত থাকতে পারে বলে তিনি দাবি করেন।

 

সূত্র: আরব নিউজ

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন