আবহাওয়া
ঢাকায় দুপুরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, সামান্য কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের মধ্যেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব এলাকার তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ এসব এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে।
ডিবিসি/এমএনকে