ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে বাসে জোরে গান বাজালেই দিতে হবে ৫০০ ডলার জরিমানা

সিঙ্গাপুরে বাসে জোরে গান বাজালেই দিতে হবে ৫০০ ডলার জরিমানা

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে বাসে জোরে গান বাজালেই দিতে হবে ৫০০ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সিঙ্গাপুরে বাসে যাতায়াতের সময় উচ্চস্বরে অডিও বাজানো, সিটের ওপর পা তুলে বসা, কিংবা খাওয়া-দাওয়া বা ময়লা ফেলার মতো কাজগুলো করলে এখন থেকে যাত্রীদের ৫০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৩৯১ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। গণপরিবহনের পরিবেশ সুন্দর ও শৃঙ্খল রাখার লক্ষ্যে সম্প্রতি এই নতুন নিয়ম জারি করা হয়েছে।

শুধু তাই নয়, অপরাধের মাত্রা যদি গুরুতর হয়, তবে জরিমানার অঙ্কটা ৫,০০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। বাস, বাস ইন্টারচেঞ্জ বা টার্মিনালের যেকোনো অংশ নোংরা করা এবং অন্যান্য যাত্রীদের জন্য বাধা বা বিপদের সৃষ্টি করার মতো কাজগুলোকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (এলটিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সবার জন্য গণপরিবহনকে আরও নিরাপদ, আরামদায়ক ও স্বস্তিদায়ক করে তোলা।


নতুন এই নিয়মগুলো মূলত সিঙ্গাপুরের রেল বা এমআরটি (ম্যাস র‍্যাপিড ট্রানজিট) নেটওয়ার্কের বিদ্যমান নিয়মগুলোর সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। এমআরটি-তে আগে থেকেই খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা ও শাস্তির বিধান ছিল। কিন্তু বাসের ক্ষেত্রে এতদিন এটি পরিবহন কোম্পানিগুলোর নিজস্ব নীতি হিসেবেই সীমাবদ্ধ ছিল, যা মূলত বাস চালকরাই দেখাশোনা করতেন। কেউ নিয়ম ভাঙলে চালক তাকে বড়জোর বাস থেকে নেমে যেতে বলতে পারতেন। কিন্তু এখন থেকে যাত্রীদের এসব বিরক্তিকর আচরণকে আনুষ্ঠানিকভাবে আইনি অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এর জন্য তাৎক্ষণিক জরিমানা করা হবে।


এলটিএ জানিয়েছে, এখন থেকে টিকিট পরিদর্শক এবং বাস ইন্টারচেঞ্জের কর্মীদের মতো অনুমোদিত স্টাফরাই সন্দেহভাজন যাত্রীদের আনুষ্ঠানিকভাবে জরিমানার নোটিশ দিতে পারবেন। তবে সিঙ্গাপুরে 'ক্যাপ্টেন' হিসেবে পরিচিত বাস চালকদের এই ক্ষমতা দেওয়া হয়নি, যাতে তারা নিরাপদে বাস চালানোর দিকেই পুরোপুরি মনোযোগ দিতে পারেন। এরপরও চালকরা চাইলে যাত্রীদের এসব আপত্তিকর আচরণ থেকে বিরত থাকতে বলতে পারবেন। কেউ যদি কথা না শোনে বা অসহযোগিতা করে, তবে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হতে পারে এবং চরম পর্যায়ে পুলিশের সাহায্য নেওয়া হবে।


গণপরিবহনে শান্তি বজায় রাখার এই উদ্যোগ শুধু সিঙ্গাপুরেই সীমাবদ্ধ নেই, বিশ্বের বিভিন্ন দেশেই এমন কড়াকড়ি দেখা যাচ্ছে। চলতি বছরের শুরুতে পোল্যান্ডের ক্রাকোউ শহরও একই ধরনের নিয়ম চালু করেছে। সেখানে বাসের ভেতর মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে শব্দদূষণ করে যাত্রীদের শান্তি নষ্ট করলে ২০০ জ্লটি (প্রায় ৫২ ডলার) পর্যন্ত জরিমানা করা হচ্ছে।


অন্যদিকে, যুক্তরাজ্যেও ট্রেন ও স্টেশনে 'অসামাজিক আচরণ' নিষিদ্ধ করে আইন রয়েছে। সেখানে অন্যদের বিরক্ত করে এমন যেকোনো শব্দ সৃষ্টিকারী যন্ত্রের বিনা অনুমতিতে ব্যবহার করা দণ্ডনীয়। এমনকি বাসে উচ্চস্বরে গান বা ভিডিও চালানো ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ ১,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানার দাবি তুলেছেন সেখানের অনেক রাজনীতিক।


সিঙ্গাপুর, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে, যাত্রীদের স্বস্তি নিশ্চিত করতে বিশ্বজুড়েই পরিবহন কর্তৃপক্ষগুলো এখন আরও কঠোর হচ্ছে। ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির মতে, গণপরিবহন একটি সর্বজনীন স্থান এবং এর পরিবেশ সুন্দর ও সবার জন্য ব্যবহার উপযোগী রাখার দায়িত্ব প্রতিটি যাত্রীর।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন