আন্তর্জাতিক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
.webp)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার এবং স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বাতিলের জোর দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একইসঙ্গে গাজায় ইসরায়েলের চলমান হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
নিরাপত্তা পরিষদের কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়ে পেদ্রো সানচেজ বলেন, বিশ্বের সব অঞ্চলের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই পরিষদের সংস্কার জরুরি। একই কারণে স্থায়ী সদস্যদের ভেটো দেওয়ার যে ক্ষমতা রয়েছে, তা অবিলম্বে বাতিল করা প্রয়োজন। জাতিসংঘের সনদের কথা উল্লেখ করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশ যতই শক্তিশালী হোক না কেন, নিজের বিষয়ে নিজেরই বিচারক হওয়ার কোনো সুযোগ নেই।
বর্তমান বিশ্বব্যবস্থার মূল নীতিগুলো ক্রমশ হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেন তিনি। সানচেজ বলেন, শান্তি, টেকসই উন্নয়ন এবং সমান সুযোগের মতো বিষয়গুলো আজ এমন সব রাজনৈতিক শক্তি ও সরকারের আক্রমণের শিকার, যারা বিশ্বকে এক 'অন্ধকার অতীতে' ফিরিয়ে নিতে চায়। এদের নাম ধরে উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ এদের পরিচয় এবং কাজ করার ধরন বিশ্ববাসীর জানা বলে মন্তব্য করেন তিনি।
বৈশ্বিক সংঘাত মোকাবিলায় স্পেনের অবস্থান তুলে ধরে সানচেজ জানান, জাতিসংঘের সনদের পরিপন্থী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে মাদ্রিদ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের ওপর স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করেন। গাজায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো যে ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে স্পেনের সুস্পষ্ট ও জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
পরস্পর নির্ভরশীল এই বিশ্বে সংকট সমাধানে বহুপাক্ষিকতার কোনো বিকল্প নেই উল্লেখ করে জাতিসংঘের ওপর নতুন করে আস্থা রাখা এবং সংস্থাটিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান পেদ্রো সানচেজ।
সূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এসভিএন