ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নিজের ও ছেলের নেশার টাকা জোগাতে প্রতিবন্ধীর দোকানে চুরি: বাবা গ্রেপ্তার

নিজের ও ছেলের নেশার টাকা জোগাতে প্রতিবন্ধীর দোকানে চুরি: বাবা গ্রেপ্তার

সারা বাংলা

নিজের ও ছেলের নেশার টাকা জোগাতে প্রতিবন্ধীর দোকানে চুরি: বাবা গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

লালমনিরহাটের কালীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় আব্দুল মালেক (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর তথ্য হলো, নিজের পাশাপাশি সন্তানের মাদকের টাকা জোগাড় করতেই তিনি এই চুরির পথ বেছে নিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত আব্দুল মালেক উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম (মাস্টারপাড়া) এলাকার মৃত হাফিজুল ইসলামের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমানের মুদি দোকানে এই চুরির ঘটনা ঘটে। চুরির পুরো দৃশ্যটি উপজেলা প্রশাসনের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ওই ফুটেজ স্থানীয় ও কালীগঞ্জ থানা পুলিশকে সরবরাহ করেন। চুরির এই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

 

ফুটেজ ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দলগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মালেককে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সন্তানসহ নিজের মাদকের খরচ মেটাতেই তিনি প্রতিবন্ধীর দোকানে চুরি করেছিলেন।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন