সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জে বালুর ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ট্রাক্টর উল্টে আবুল আক্তার (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল আক্তার সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হড়মা ঘাট এলাকায় ট্রাক্টরে বালু বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন আবুল আক্তার। পথে হঠাৎ ট্রাক্টরের সামনের চাকা খুলে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালক ছিটকে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়েন এবং তার মাথা গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এমএনকে