সারা বাংলা
বিদেশ যাওয়ার কাজে ঢাকার পথে প্রাণ গেল যুবকের

নরসিংদীর পলাশে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মিয়া উপজেলার ভাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।
নিহতের বাবা জালাল মিয়া জানান, বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন সোহেল। পথে ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুতে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম জানান, দুর্ঘটনাটি নজরে আসার পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এমএনকে