আন্তর্জাতিক, আরব
ইরানগামী ১১৫ জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের

ইরানগামী ও ইরানফেরত বাণিজ্যিক জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধে ১১৫টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, তাদের ইস্পাতপ্রাচীর অবরোধ কার্যকর করতে গিয়ে জাহাজগুলোকে অন্য পথে যেতে বলা হয়েছে। এ সংখ্যা আটক বা ধ্বংস করা জাহাজের হিসাব নয়। সংস্থাটি এর আগে জানিয়েছিল, অবরোধের লক্ষ্য ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজ। তবে অঞ্চলটির অন্য বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র ১৪ জুলাই নতুন করে এ নৌ অবরোধ শুরু করে। এর আগে ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত প্রথম দফার অবরোধ চলেছিল। সেন্টকমের দাবি, ওই অভিযানে নির্দেশ মেনে চলা ১৪০টির বেশি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয় এবং নির্দেশ না মানা ৯টি জাহাজকে চলাচলের অযোগ্য করা হয়। একই সময়ে মানবিক সহায়তা বহনকারী ৫০টির বেশি বাণিজ্যিক জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে নতুন এ তথ্য সামনে এসেছে। সংঘাতের সময় ইরান প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের বিরুদ্ধে অবরোধ কার্যকর রাখার পাশাপাশি সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচল সচল রাখতে কাজ করছে তারা। আন্তর্জাতিক তেল ও গ্যাস বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সেখানে দীর্ঘদিন বিঘ্ন ঘটলে অপরিশোধিত তেলের দাম, ট্যাংকার ভাড়া ও বিমার খরচ বাড়তে পারে; প্রভাব পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের বাইরের জ্বালানির দামেও।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/এসএফএল