ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পুরো গ্রাম

সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পুরো গ্রাম

সারা বাংলা

সাতক্ষীরায় কৃষকের ছেলে সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পুরো গ্রাম

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

বাবা পেশায় সাধারণ কৃষক, মা গৃহিণী। নিজেরা খুব দূর পড়াশোনার সুযোগ পাননি, কিন্তু বুকভরা স্বপ্ন ছিল—সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। সেই স্বপ্ন সত্যি করতে জীবনের সব কষ্ট, ত্যাগ আর পরিশ্রমকে হাসিমুখে বরণ করে নিয়েছেন এই দম্পতি। অবশেষে বাবা-মায়ের সেই নিঃস্বার্থ ত্যাগের সেরা প্রতিদান দিলেন সন্তান।

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কৃষক পরিবারের সন্তান শেখ আসিফ হোসেন। তার এই অনন্য অর্জনে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পরিবার, স্বজন, শিক্ষক ও পুরো গ্রামবাসী।

 

শেখ আসিফ হোসেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার প্রত্যন্ত গ্রাম বড় কাশিপুরের সন্তান। তার বাবা শেখ জিল্লুর রহমান একজন মেহনতি কৃষক এবং মা ফরিদা খাতুন গৃহিণী। পরিবারের সীমিত সামর্থ্য সত্ত্বেও সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বাবা-মায়ের অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস প্রয়াসই ছিল আসিফের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। বর্তমানে আসিফ ঢাকায় অন্য একটি চাকরিতে আছেন।

 

আসিফ স্থানীয় কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অত্যন্ত সফলতার সঙ্গে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ও কঠিন পথপরিক্রমা শেষে ১৮তম বিজেএস পরীক্ষায় সহকারী সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি পিতা-মাতার স্বপ্নকে পৌঁছে দিয়েছেন এক নতুন উচ্চতায়।

 

এই অর্জনে মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করে শেখ আসিফ হোসেন বলেন, ‘আমার এই সাফল্যের মূল কারিগর আমার বাবা-মা। পাশাপাশি আমার শিক্ষক, ভাই-বোন, বন্ধুবান্ধব ও গ্রামবাসীর ভালোবাসা ও দোয়া না থাকলে আজকের এই স্থানে পৌঁছানো সম্ভব হতো না।’ তিনি তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

একজন মেহনতি কৃষকের ঘর থেকে উঠে এসে সহকারী সিভিল জজ হওয়ার এই গল্প কেবল শেখ আসিফের ব্যক্তিগত সাফল্য নয়; এটি অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর পিতা-মায়ের অসীম ত্যাগের এক জয়গাথা। সন্তানের এমন গৌরবময় অর্জনে বাবা-মায়ের চোখে আজ যে আনন্দের অশ্রু, তা যেন জানান দিচ্ছে পরিশ্রম ও আত্মত্যাগ কখনো বৃথা যায় না।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন