সারা বাংলা
ভিক্ষুক সেজে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় ভিক্ষুকের ছদ্মবেশে একটি ফ্ল্যাটে ঢুকে হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ওই বৃদ্ধাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহত হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগমের অভিযোগ, বোরকা পরা এক ব্যক্তি তাঁদের বাসার গেটে এসে দরজায় কড়া নাড়েন। তাঁর মা দরজা খুলে দিলে ওই ব্যক্তি আকস্মিকভাবে হাতে থাকা হাতুড়ি দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাঁর মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান।
আলেয়া বেগম জানান, ওই ব্যক্তির হাতে থাকা পলিথিনের ব্যাগে সামান্য পরিমাণ চাল ছিল। এ কারণে তাঁকে ভিক্ষুক বলে ধারণা করা হয়েছিল।
তিনি আরও বলেন, হামলার পর তাঁর মা চিৎকার করলে পাশের বাসার লোকজন ছুটে এসে তাঁকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে তিনি বাসায় গিয়ে মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সময় তাঁর মা বাসায় একাই ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে।
ডিবিসি/ আরএফই