সারা বাংলা
নিজেই অপহরণের নাটক সাজিয়ে ঢাকা পালানোর পথে মিরসরাইয়ে ব্যবসায়ী উদ্ধার

পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। পরে ঢাকা পালিয়ে যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম সফি উল্লাহ। তিনি নগরের চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টের মালিক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাস কাউন্টার এলাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার চকবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বহদ্দারহাট যাওয়ার পথে নিখোঁজ হন সফি উল্লাহ। পরে তাঁর স্ত্রী ইয়াছমিন আক্তার পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরই পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তদন্তে সফি উল্লাহর অবস্থান হাটহাজারীর ছাদেকনগর এলাকার একটি মাজারে শনাক্ত করা হয়। সেখানে অভিযান চালানোর আগেই তিনি সেখান থেকে সরে যান। পরে সিম পরিবর্তন করে পরিচিত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নাজিরহাট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের টিকিট কাটেন। তাঁর অবস্থান শনাক্ত করে বারইয়ারহাটে বাসটি থামিয়ে তাকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন সফি উল্লাহ। পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদের ফাঁসানোর পরিকল্পনাও ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাঁর ব্যবসায়িক অংশীদারদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ডিবিসি/ আরএফই