রাজধানী
সাভারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মারুন গ্রেপ্তার

সাভারের আমিন বাজারে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি মারুনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর কথা রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল আহসান বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় আসামির এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে মারুনকে গ্রেপ্তার করেন। মামলার বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাতে আমিন বাজারের বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় এক অটোরিকশা মালিককে মারধরের প্রতিবাদ করায় হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয় পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলতাব হোসেনকে। এ সময় দুর্বৃত্তদের হামলায় তার এক ছেলেও আহত হন। ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত জহিরুলকে গ্রেপ্তার করে পুলিশ এবং নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই মধ্যে প্রধান আসামি জহিরুলসহ আপন ও জিহাদ আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
ডিবিসি/আরএসএল