আন্তর্জাতিক
যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে গত বুধবার ১০টি ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোম অফিস) তথ্য অনুযায়ী, চলতি বছরে এক দিনে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের এটিই সর্বোচ্চ রেকর্ড। এর আগে সর্বশেষ গত বছরের ২০ ডিসেম্বর এক দিনে সর্বোচ্চ ৮০৩ জন প্রবেশ করেছিলেন।
এক দিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের আসার এই রেকর্ড গড়লেও সামগ্রিকভাবে চলতি বছর অভিবাসনপ্রত্যাশীদের আগমন উল্লেখযোগ্য হারে কমেছে। এ বছর এখন পর্যন্ত ১৮ হাজার ৫৬৫ জন ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়েছেন, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ কম। গত বছর এই সময়ের মধ্যে ৩২ হাজার ১৮৮ জন যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এক দিনে সর্বোচ্চ অনুপ্রবেশের রেকর্ডটি হয়েছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর; সেদিন ১ হাজার ৩০৫ জন চ্যানেল পাড়ি দিয়েছিলেন।
বুধবার যুক্তরাজ্যে পৌঁছানো নৌকাগুলোর মধ্যে একটি ডিঙ্গি নৌকা ফ্রান্সের নরম্যান্ডি উপকূল থেকে ৫১ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। সচরাচর যেখান থেকে নৌকা ছাড়ে, তার চেয়ে অনেকটা পশ্চিম দিক থেকে সোমবার সকালে যাত্রা শুরু করে নৌকাটি এবং টানা ৩৩ ঘণ্টার বেশি সময় সমুদ্রে ভেসে থাকার পর গন্তব্যে পৌঁছায়। এর আগে টানা পাঁচ দিন চ্যানেল দিয়ে পারাপার পুরোপুরি বন্ধ থাকার পর সোম ও মঙ্গলবার তিনটি ছোট নৌকায় করে প্রায় ১৫০ জন যুক্তরাজ্যে পৌঁছান। এদিকে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বুলন-সুর-মের শহরের দক্ষিণে একটি সৈকত থেকে নৌকায় ওঠার চেষ্টাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের উষ্ণ আবহাওয়া ও শান্ত সমুদ্রের সুযোগ নিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত ও বিপজ্জনক এই নৌপথ পাড়ি দেওয়ার প্রবণতা বেড়ে যায়। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে লেবার পার্টির উপনেতা ও মন্ত্রিসভার সদস্য লুসি পাওয়েল বিবিসি রেডিও কেন্টকে বলেন, ব্যাপক প্রচেষ্টার ফলে সরকার ছোট নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের আসা উল্লেখযোগ্যভাবে কমাতে পেরেছে। রাতারাতি এই পারাপার বন্ধ করার মতো কোনো জাদুর সুইচ সরকারের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, নতুন আইন ও বাড়তি বরাদ্দসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেগুলো কাজও করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, মানবপাচারের এই ঘৃণ্য ব্যবসা নির্মূল করতে সরকার আরও কঠোর পদক্ষেপ নেবে।
তবে এ ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলো। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ নেতা ক্রিস ফিলপ বলেন, মানবপাচারকারী চক্রগুলোকে গুঁড়িয়ে দেওয়ার সরকারি প্রতিশ্রুতি প্রহসনে পরিণত হয়েছে। পৌঁছানোর সাথে সাথে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠালেই কেবল এটি বন্ধ করা সম্ভব বলে দাবি করেন তিনি। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটদের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র ম্যাক্স উইলকিনসন সমস্যার মূল কারণ সমাধানে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও আশ্রয় চুক্তিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আর রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ বলেছেন, তার দল ক্ষমতায় থাকলে রয়্যাল নেভি মোতায়েন করে এই নৌকাগুলো রুখে দিত।
এদিকে গত সোম ও মঙ্গলবার ফোকস্টোনের কাছে দুটি অভিবাসী নৌকা সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে সরাসরি উপকূলে ভিড়তে সক্ষম হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। সাধারণত বর্ডার ফোর্স বা উদ্ধারকারী নৌকার মাধ্যমে অভিবাসনপ্রত্যাশীদের তীরে আনা হয়। এভাবে নজরদারি এড়িয়ে সৈকতে নৌকা ভেড়ার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক বছরেরও বেশি সময়ের মধ্যে সোমবার প্রথম এমন ঘটনা ঘটেছে এবং ২০২৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত তথ্য রাখা শুরু করার পর থেকে এখন পর্যন্ত মাত্র চারবার এভাবে সরাসরি সৈকতে নৌকা ভেড়ার রেকর্ড রয়েছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন