ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক

সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সৌদি আরবকে সহায়তার উপায় খুঁজতে দেশটির পাশাপাশি পাকিস্তান ও তুরস্কের সেনাপ্রধানদের একটি জরুরি বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে সৌদি আরবের স্থায়ী মিশনের সদর দপ্তরে এ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রতিরক্ষা চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী সৌদি আরবকে কীভাবে সামরিক ও কৌশলগত সহায়তা দেওয়া যায়, তা নির্ধারণে তিন দেশের সশস্ত্র বাহিনীর প্রধানদের (চিফস অব স্টাফ) আসন্ন বৈঠকের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন তারা। মক্কা চুক্তির শর্ত অনুযায়ী, চুক্তিবদ্ধ যেকোনো একটি দেশের ওপর হামলা হলে তা সব দেশের ওপর হামলা বলেই বিবেচিত হবে।


বৈঠকে পবিত্র নগরী মক্কা এবং সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার অপচেষ্টার তীব্র নিন্দা জানান তিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


এ ছাড়া সমুদ্রপথে নৌচলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। অঞ্চলটিতে উত্তেজনা প্রশমন এবং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী।


সূত্র: আনাদোলু এজেন্সি


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন