ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

আন্তর্জাতিক

কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে নৌকাডুবিতে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৪৯ জনকে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরে যাওয়ার পথে মাপেরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বাকি যাত্রীদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন দেশটির টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলোঙ্গোই।

ডুবে যাওয়া নৌযানটিতে মালামালের পাশাপাশি প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। জাতিসংঘ সমর্থিত গণমাধ্যম রেডিও ওকাপিকে দেওয়া সাক্ষাৎকারে অ্যানি মোয়োনি নামের এক বেঁচে ফেরা যাত্রী জানান, রাত ১টার দিকে ঘুম ভেঙে তারা দেখতে পান নৌকাটি একদিকে কাত হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তা ডুবে যায়।


ঠিক কী কারণে নৌকাটি ডুবেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দশ কোটিরও বেশি মানুষের দরিদ্র দেশ কঙ্গোতে সড়ক ও অন্যান্য অবকাঠামোর অভাবে যাতায়াতের জন্য নৌপথই সবচেয়ে সস্তা ও প্রধান মাধ্যম। অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই এবং লাইফ জ্যাকেটের অভাবে দেশটিতে প্রায়ই এমন নৌ-দুর্ঘটনা ঘটে এবং সাম্প্রতিক বছরগুলোতে এতে শত শত মানুষের প্রাণহানি হয়েছে।


কিগোমা-কালেমি নৌপথে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় বড় নৌ-দুর্ঘটনা। এর আগে গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে জ্বালানি তোলার সময় কঙ্গোর ‘এমভি প্যাসিফিক’ নামের একটি জাহাজে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন ক্রু নিহত এবং একজন নিখোঁজ হন। এ ছাড়া গত জুলাই মাসেও মধ্য কঙ্গোতে পরীক্ষা দিয়ে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন